আরেফিন সুলতানা কলি ব্যুরো চিফ ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে চুরি, ছিনতাই ও মাদক সংক্রান্ত অপরাধ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। অভিযোগ উঠেছে, এসব অপরাধের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে উল্টো সাংবাদিকদেরই নানা হয়রানির শিকার হতে হচ্ছে।
গত ৫ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার খৈয়াসার এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক সরেজমিন বার্তা-এর ব্যুরো চিফ সাংবাদিক এনামুল হক আরিফকে বিষয়টি অবহিত করেন। তিনি ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ডিউটি অফিসার জানান, রাত বেশি হওয়ায় তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীকে ধরা সম্ভব নয় এবং ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়। পরবর্তীতে ভুক্তভোগী রাত ১১টার দিকে থানায় অভিযোগ দায়ের করেন, যেখানে নগদ ৭০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনতাইয়ের কথা উল্লেখ করা হয়।
ঘটনার তিন দিন পর ভুক্তভোগী একজন সন্দেহভাজন ছিনতাইকারীকে শনাক্ত করেন—রাসেল (পিতা: আবুল খায়ের, গ্রাম: নাটাই)। কিন্তু অভিযোগ রয়েছে, এরপরও তাকে গ্রেফতারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে উল্টো ছিনতাইকারী সিন্ডিকেটের পক্ষ থেকে সাংবাদিক এনামুল হক আরিফের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করা হয় এবং মানববন্ধনও করা হয়। এর প্রতিবাদে ভুক্তভোগী ও স্থানীয়রা পাল্টা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা এ ঘটনাকে “সাংবাদিক দমনের অপচেষ্টা” হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ দাবি করেন, প্রকৃত অপরাধীদের গ্রেফতার না করে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হলে সমাজে অপরাধ আরও বেড়ে যাবে।
এদিকে সুশীল সমাজের প্রতিনিধিরাও উদ্বেগ প্রকাশ করে বলেন, যদি সত্য উদঘাটনে কাজ করা সাংবাদিকরাই হয়রানির শিকার হন, তাহলে আইনের শাসন ও সামাজিক ন্যায়বিচার মারাত্মকভাবে ব্যাহত হবে।
দাবি জানানো হয়েছে—
দ্রুত ছিনতাইকারীকে গ্রেফতার করতে হবে
সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে
নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে
বিভিন্ন সাংবাদিক সংগঠন ও পেশাজীবী মহল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন