চার দিনের সরকারি সফরে জাপানে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার টোকিওতে দেশটির প্রধানমন্ত্রী সানাই তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে বসেছেন। জাপানি প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’-তে বৈঠকের আগে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
বৈঠকে জ্বালানি, তথ্যপ্রযুক্তি, রেলওয়ে ও অবকাঠামো, গভীর সমুদ্রবন্দর এবং সরাসরি বিদেশি বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়েও মতবিনিময় হয়েছে। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি আধুনিকায়ন এবং দ্বিতীয় একটি সার কারখানা স্থাপনের সম্ভাবনার কথাও উঠেছে। অগ্রাধিকার খাত চিহ্নিত করে বাস্তবায়ন এগিয়ে নিতে তিনি একটি যৌথ মন্ত্রিপর্যায়ের কমিশন গঠনের প্রস্তাবও দেন।
বৈঠকের পর যৌথ সংবাদ ঘোষণায় দুই নেতা আলোচনার ফলাফল তুলে ধরেন এবং কয়েকটি সমঝোতা স্মারক বিনিময় করেন। তারেক রহমান বলেন, দুই দেশের বন্ধুত্বকে অর্থনীতি, সুযোগ ও সমৃদ্ধির শক্তিশালী চালিকাশক্তিতে রূপ দেওয়াই তাদের লক্ষ্য। তিনি জাপানি বিনিয়োগকারী, ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানকে বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির পর্বে যুক্ত হতে আহ্বান জানান। বৈঠকের ফলাফল নিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নির্বাচনে সমর্থনের জন্য তিনি জাপানকে ধন্যবাদ জানান। ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে মুক্ত, উন্মুক্ত, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক রাখার অভিন্ন দৃষ্টিভঙ্গির কথাও পুনর্ব্যক্ত করেন। তাকাইচিকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
আলোচনার পর প্রধানমন্ত্রীর সম্মানে কান্তেইতে মধ্যাহ্নভোজের আয়োজন করেন তাকাইচি। সফরে তারেক রহমান বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন এবং জাপানি ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
মন্তব্য করুন