
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেওয়ায় বিশ্বাসী নয়, বরং প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ, খাল-নদী খনন, উন্নত স্বাস্থ্যসেবা ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু করেছে। এসব প্রকল্প বাস্তবায়নে তিনি অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে নিয়মিত বৈঠক করছেন।
শুক্রবার (২৬ জুন) সকালে ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়ায় প্রেসক্লাব তাকে এ সংবর্ধনা প্রদান করে। ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, বিএনপি জ্ঞানভিত্তিক ও উন্নয়ন-কেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাস করে। তারেক রহমান সারা দেশের উন্নয়নের জন্য যে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন, তা দ্রুততম সময়ের মধ্যে দৃশ্যমান হবে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হবে, যাতে সাধারণ মানুষ দিন-রাত নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা পায়। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান সরকার বিগত সরকারগুলোর মতো ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের নির্যাতন বা নিয়ন্ত্রণ করবে না। সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। এছাড়া, ঝালকাঠির সাংবাদিকদের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে খাস জমিতে ‘সাংবাদিক পল্লী’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মোমিন উদ্দিন, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বায়জিদ ইবনে আকবর, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম, বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির মহাসচিব মীর আহসান উদ্দিন পারভেজ, ঝালকাঠি বাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান তাপু এবং চেম্বার অব কমার্সের পরিচালক জয়ন্ত কুমার সাহা।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসম মাহমুদুর রহমান পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, অলোক সাহা, আজমির হোসেন তালুকদার, মল্লিক নাসির উদ্দিন কবীর, মো. মনিরুজ্জামান খান, কে এম সবুজ ও মো. মাসউদুল আলম প্রমুখ।
মন্তব্য করুন