গতকাল শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর-এর বেগম সুফিয়া কামাল হলে সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)’র নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সালাম, মাননীয় প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তিনি সাংবাদিকদের দায়িত্বশীলতা, নৈতিকতা এবং সমাজ উন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মোঃ গোলাম ফারুক মজনু তাঁর বক্তব্যে বলেন, ‘সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সত্য ও ন্যায় প্রতিষ্ঠার একটি মহান দায়িত্ব। সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নে সম্মিলিত সাংবাদিক পরিষদকে শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে।’
তিনি আরও বলেন, সংগঠনের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে নবগঠিত কার্যনির্বাহী পরিষদ একযোগে কাজ করবে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের পরিচিতি, শুভেচ্ছা বিনিময় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন