আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। একই সঙ্গে দেশটির পূর্বাঞ্চলে তিনটি ড্রোনও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে জোট।
রোববার (১৫ নভেম্বর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে জানান, রিয়াদ অভিমুখে নিক্ষেপ করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে ধ্বংস করেছে।
জোটের পক্ষ থেকে আরও জানানো হয়, সৌদি আরবের পূর্বাঞ্চলেও তিনটি ড্রোন প্রতিহত করা হয়েছে। তবে এসব হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা বেড়েছে। এর জবাবে ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট।
এদিকে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে হুতিদের সঙ্গে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থক বাহিনীগুলোর সংঘর্ষ অব্যাহত রয়েছে। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
সূত্র: আল জাজিরা, রয়টার্স
মন্তব্য করুন