সীমান্ত রায়, স্টাফ রিপোর্টার, নীলফামারী
দীর্ঘ প্রায় ২ যুগ অপেক্ষার পর অবশেষে এমপিও ভুক্ত হয়েছে নীলফামারীর জলঢাকা উপজেলার খচিমাদা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ২০২৩ সালে । এমপিও ভুক্ত হওয়ায় শিক্ষকেরা বেশ কিছু সুবিধা পেলেও সুবিধা পায়নি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের এই স্কুলের শিক্ষার্থীরা । তাই শিক্ষার্থীদের চাওয়া একই সঙ্গে বিদ্যালয়ের উন্নয়ন, সংস্কার ও বাউন্ডারি নির্মাণের জন্য বরাদ্দের জোরালো দাবি জানানো হয়েছে।
১৯৯৬ সালে স্থাপিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও এলাকাবাসীর সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে। বর্তমানে বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থী সংখ্যা ৩০০ জন এবং শিক্ষক সংখ্যা ৯ জন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ চন্দ্র রায় এবং নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সারোয়ার হোসেন ভুট্টু দায়িত্ব গ্রহণের পর থেকে বিদ্যালয়ের পড়ালেখার মান ও সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন স্ব উদ্যোগে ।
প্রধান শিক্ষক সুরেশ চন্দ্র রায় বলেন, “১৯৯৬ সাল থেকে এই বিদ্যালয়টি শিক্ষার আলো ছড়িয়ে আসছে। প্রায় ২ যুগ পর এমপিও ভুক্ত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এটা আমাদের দীর্ঘদিনের সংগ্রামের ফসল। এখন আমাদের সবচেয়ে বড় প্রয়োজন বিদ্যালয়ের উন্নয়ন, শ্রেণিকক্ষ সংস্কার ও বাউন্ডারি নির্মাণ। বাউন্ডারি না থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষায় সমস্যা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন, দ্রুত বরাদ্দ দিয়ে বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সহায়তা প্রত্যাশী ।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সারোয়ার হোসেন ভুট্টু বলেন, “এমপিও ভুক্তকরণ খচিমাদাবাসীর জন্য একটি বড় অর্জন। এখন আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অবকাঠামো উন্নয়নে আমরা সর্বাত্মক চেষ্টা করব। বাউন্ডারি নির্মাণ, শ্রেণিকক্ষ সংস্কার ও প্রয়োজনীয় আসবাবপত্রের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হবে। এলাকাবাসীর সহযোগিতা পেলে খচিমাদা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে জেলার অন্যতম সেরা প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব ।
এলাকাবাসীর প্রত্যাশা, এমপিও ভুক্তির পর শিক্ষকরা নতুন উদ্যমে পাঠদান করবেন এবং শিক্ষার্থীরা আরও ভালো পরিবেশে লেখাপড়া করতে পারবে। দ্রুত উন্নয়ন বরাদ্দ ও বাউন্ডারি নির্মাণ করা হলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও নিরাপদ হবে বলে মনে করছেন অভিভাবকরা।
মন্তব্য করুন