আরিফুল ইসলাম সাতক্ষীরা :
সাগরে গভীর নিম্নচাপজনিত বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঐতিহ্যবাহী রাসপূজা ও পুণ্যস্নানে অংশ নিতে সুন্দরবনের দুবলার চরের উদ্দেশে যাত্রা করেছেন সাতক্ষীরা রেঞ্জের ২১১ জন সনাতন ধর্মাবলম্বী তীর্থযাত্রী। রোববার (২২ নভেম্বর) সাতক্ষীরা রেঞ্জের দুটি স্টেশন থেকে ৭টি বিশেষ পাশের বিপরীতে ৭টি ট্রলারে করে ১৫ জন ক্রুসহ মোট ২২৬ জন সুন্দরবনে প্রবেশ করেন। এ থেকে বন বিভাগ ভ্যাটসহ সর্বমোট ৩৭ হাজার ২৩১ টাকা ৫০ পয়সা রাজস্ব আদায় করেছে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মোঃ শাহিনুর ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এবারও সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষার কথা বিবেচনা করে দুবলার চরের আলোরকোলে ঐতিহ্যবাহী রাসমেলা বন্ধ রাখা হয়েছে। কেবল নির্ধারিত নিয়ম মেনে সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের পূজা ও পুণ্যস্নানে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তীর্থযাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বন বিভাগ নির্ধারিত ৫টি নৌপথের মধ্যে সাতক্ষীরা অংশে ‘বুড়িগোয়ালিনী-কোবাদক’ রুটটি ব্যবহারের অনুমতি দেয়।
সাতক্ষীরা রেঞ্জের রাজস্ব ও যাত্রী বিবরণী অনুযায়ী, সবচেয়ে বেশি তীর্থযাত্রী যাত্রা করেছেন বুড়িগোয়ালিনী স্টেশন দিয়ে। এই স্টেশন থেকে ৬টি পাশের বিপরীতে ৬টি জলযানে ১৮১ জন পুণ্যার্থী ও ১৩ জন ক্রু দুবলার চরের উদ্দেশে রওনা হন। এখানে ১৮১ জন পুণ্যার্থীর প্রবেশ ফি বাবদ ১৩ হাজার ৫৭৫ টাকা, ৬টি জলযানের প্রবেশ ফি ২ হাজার ৫০০ টাকা, অবস্থান ফি ৫ হাজার ৪০০ টাকা এবং ১৩ জন ক্রু বাবদ ৫ হাজার ৮৫০ টাকা আদায় হয়। ৪ হাজার ৯৯ টাকা ভ্যাটসহ এ স্টেশন থেকে মোট ৩১ হাজার ৪২৪ টাকা রাজস্ব আদায় হয়েছে।
অন্যদিকে, কোবাদক স্টেশন থেকে ১টি পাশের বিপরীতে ১টি জলযানে ৩০ জন পুণ্যার্থী ও ২ জন ক্রু পুণ্যস্নানের উদ্দেশ্যে যাত্রা করেন। এতে পুণ্যার্থীদের প্রবেশ ফি ২ হাজার ২৫০ টাকা, জলযানের প্রবেশ ফি ১ হাজার টাকা, অবস্থান ফি ৯০০ টাকা এবং ২ জন ক্রু বাবদ ৯০০ টাকা আদায় হয়। ৭৫৭ টাকা ৫০ পয়সা ভ্যাটসহ এই স্টেশনে মোট রাজস্ব জমা পড়েছে ৫ হাজার ৮০৭ টাকা ৫০ পয়সা। সব মিলিয়ে দুই স্টেশন থেকে মূল রাজস্ব ৩২ হাজার ৩৭৫ টাকা এবং ভ্যাট ৪ হাজার ৮৫৬ টাকা ৫০ পয়সাসহ সর্বমোট ৩৭ হাজার ২৩১ টাকা ৫০ পয়সা আদায় হয়েছে।
সাতক্ষীরা রেঞ্জ সূত্রে আরও জানা যায়, যাত্রার শুরুতে প্রত্যেক পুণ্যার্থীর জাতীয় পরিচয়পত্র যাচাইপূর্বক বিশেষ টোকেন প্রদান এবং নৌযানগুলোতে তল্লাশি চালানো হয়। বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক, মাইক বা পটকা বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যাত্রাপথে পুণ্যার্থীদের নিরাপত্তায় বন বিভাগের পাশাপাশি বিজিবি ও কোস্টগার্ডের টহল দল নিয়োজিত রয়েছে। আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই ধর্মীয় আয়োজন শেষ হবে।