আরিফুল ইসলাম সাতক্ষীরা :
সুন্দরবনের গভীর অরণ্য পেরিয়ে বঙ্গোপসাগরের কোলঘেঁষা দুবলার চরে বসতে যাচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী রাসমেলা। তিন দিনব্যাপী এ মেলায় অংশ নিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার দর্শনার্থীর আগমন শুরু হয়েছে। বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনের নির্ধারিত পথ ধরে দুবলার চরের উদ্দেশে যাত্রার অপেক্ষায় এখন শত শত লঞ্চ, ট্রলার, স্টিমার ও ডিঙি নৌকা। মোংলার ঢায়মারী ফরেস্ট স্টেশন এলাকায় তৈরি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ। রাতভর নৌযান এসে ভিড়েছে স্টেশনসংলগ্ন নদীতে। ভোরের আলো ফুটতেই পুরো এলাকা পরিণত হয়েছে লোকে লোকারণ্য জনসমুদ্রে।
এই রাসমেলাকে ঘিরে আমাদের যাত্রাও ছিল এক ভিন্নধর্মী ভ্রমণ অভিজ্ঞতা। গতকাল দুপুর ২টায় সাতক্ষীরা শহরের ৫নং ওয়াড এলাকা থেকে যাত্রা শুরু করি আমরা। এরপর খুলনার পাইকগাছা হয়ে একটি লঞ্চ ভাড়া করে পৌঁছাই মোংলার ঢাংমারী ফরেস্ট স্টেশনে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে এসে চোখে পড়ে এক অভূতপূর্ব দৃশ্য। নদীর বুকে সারি সারি নোঙর করা শত শত নৌযান। কোনো লঞ্চের ছাদে দর্শনার্থীরা ঘুমাচ্ছেন, কেউ বসে গল্প করছেন, কেউ সকালের নাশতা তৈরি করছেন, আবার কেউ প্রার্থনায় মগ্ন। দীর্ঘ যাত্রার প্রস্তুতির পাশাপাশি সবার চোখেমুখে দুবলার চরে পৌঁছানোর আনন্দ ও উচ্ছ্বাস।
সকাল থেকেই বন বিভাগের পাস সংগ্রহের প্রস্তুতি চলছিল। সকাল ৭টা থেকে পাস বিতরণ শুরু হওয়ার কথা রয়েছে। প্রয়োজনীয় অনুমতি ও আনুষ্ঠানিকতা শেষে পর্যায়ক্রমে নৌযানগুলো সুন্দরবনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা।
যাত্রার প্রস্তুতির মধ্যে কথা হয় সাতক্ষীরা থেকে আসা কয়েকজন দর্শনার্থীর সঙ্গে। তাঁদের একজন জানান, তাঁরা ৫নং ওয়াড এলাকা থেকে এসেছেন। সাতক্ষীরা পৌরসভার মিয়ার ডাঙ্গা এলাকার হাফিজুল ইসলাম জানান, তাঁদের নৌযানে সাতক্ষীরার প্রায় ৩৫ জন যাত্রী রয়েছেন। রাসমেলা ঘিরে তাঁদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। শুধু সাতক্ষীরা নয়, দেশের বিভিন্ন অঞ্চল থেকেও দর্শনার্থীরা এসেছেন।
শত বছরের ঐতিহ্য, সম্প্রীতির মিলনমেলা
বঙ্গোপসাগরের কোলঘেঁষা সুন্দরবনের দুবলার চরে প্রতিবছর বসে ঐতিহ্যবাহী রাসমেলা। লোকবিশ্বাস, ধর্মীয় আচার, ইতিহাস ও লোকসংস্কৃতির সংমিশ্রণে এ মেলা দীর্ঘদিন ধরে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে আছে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে রাস উৎসবের বিশেষ ধর্মীয় তাৎপর্য রয়েছে। পূজা-অর্চনা ও পুণ্যস্নানকে ঘিরে তাঁদের মধ্যে রয়েছে নানা ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্য।
তবে এ মেলার আকর্ষণ শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়। মুসলিম, হিন্দু নির্বিশেষে নানা শ্রেণি-পেশার মানুষ এ মেলায় অংশ নেন। অনেকের কাছে এটি সুন্দরবন ও বঙ্গোপসাগরের অপার সৌন্দর্য উপভোগের পাশাপাশি গ্রামীণ লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার অন্যতম উপলক্ষ। দেশের বিভিন্ন জেলা ছাড়াও প্রতিবেশী ভারতসহ বিদেশ থেকেও দর্শনার্থীদের আগমনের ঐতিহ্য রয়েছে।
নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
দুবলার চরের যাত্রাপথ সুন্দরবনের দুর্গম ও সংবেদনশীল এলাকা দিয়ে হওয়ায় নিরাপত্তা নিয়ে দর্শনার্থীদের মধ্যে উদ্বেগ রয়েছে। বিশেষ করে অতীতে বনদস্যুদের তৎপরতার কারণে দলবদ্ধভাবে নৌযান চলাচলের প্রবণতা দেখা যায়। একসঙ্গে অনেক নৌযান যাত্রা করলে নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা সহজ হবে বলে মনে করেন অনেক যাত্রী।
এদিকে বন বিভাগের পাস প্রদান, যাতায়াত ব্যবস্থাপনা, নির্ধারিত ফি আদায় এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে দর্শনার্থীদের প্রত্যাশা অনেক। পাস প্রদান ও অন্যান্য সেবায় কোনো ধরনের হয়রানি, অনিয়ম কিংবা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ থাকলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। বন বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া এত বিপুলসংখ্যক মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করা কঠিন।
সাগরযাত্রার অপেক্ষায় হাজারো মানুষ
সব মিলিয়ে ঢাংমারী ফরেস্ট স্টেশনের বর্তমান দৃশ্য যেন সুন্দরবনকেন্দ্রিক এক বিশাল উৎসবের প্রস্তুতি। শত শত নৌযানে হাজারো মানুষের অপেক্ষা, নদীর বুকে সারি সারি লঞ্চ-ট্রলার এবং চারপাশে উৎসবের আমেজ এক অন্যরকম পরিবেশের সৃষ্টি করেছে।
দর্শক, আমি আবু সাঈদ বিশ্বাস, বর্তমানে মোংলার চাঁদমারি ফরেস্ট স্টেশনে অবস্থান করছি। এখান থেকে বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনের বুক চিরে আমাদের পরবর্তী গন্তব্য দুবলার চর। শত বছরের ঐতিহ্যের সাক্ষী হতে, বঙ্গোপসাগরের সৌন্দর্য উপভোগ করতে এবং রাসমেলার নানা আয়োজন সরেজমিন দেখতে অপেক্ষা এখন সেই কাঙ্ক্ষিত সাগরযাত্রার।