আরিফুল ইসলাম সাতক্ষীরা :
সাতক্ষীরা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা জহুরুল ইসলাম ও মারকাজ মাদ্রাসার সভাপতি শেখ আব্দুস শাফির বিরুদ্ধে মহিলা মাদ্রাসা নির্মাণের ২০ লাখ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। কানাডা প্রবাসী দাতা নূরুনাহার আহমেদ আরনু সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর এই লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কানাডা প্রবাসী নূরুনাহার আরনু দীর্ঘদিন ধরে সাতক্ষীরা কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসায় নিয়মিত আর্থিক অনুদান দিয়ে আসছেন। পরবর্তীতে তিনি সরকারপাড়ায় নিজের বাড়ির পাশে ৬ কাঠা জমির ওপর একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেন এবং বিষয়টি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা জহুরুল ইসলামের সাথে পরামর্শ করেন। সেসময় মসজিদ নির্মাণের পরিবর্তে একটি মহিলা মাদ্রাসা নির্মাণের পরামর্শ দেন মাওলানা জহুরুল ইসলাম। তাঁর পরামর্শ অনুযায়ী ২০১০ সালে নূরুনাহার আরনু ওই মহিলা মাদ্রাসাটি চালু করেন।
মাদ্রাসা চালুর কিছুদিন পর এর পরিধি ও মান উন্নত করতে অন্যত্র স্থানান্তরের প্রস্তাব দেন মাওলানা জহুরুল ইসলাম ও শেখ আব্দুস শাফি। তাদের কথামতো ২০১২ সালে মহিলা মাদ্রাসার ওই ৬ কাঠা জমি বিক্রি করে প্রাপ্ত ২০ লাখ টাকা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা জহুরুল ইসলাম ও মারকাজ মাদ্রাসার সভাপতি শেখ আব্দুস শাফির নিকট হস্তান্তর করেন নূরুনাহার আরনু।
কিন্তু টাকা প্রদানের পর থেকেই মাদ্রাসার খোঁজখবর নিতে চাইলে মাওলানা জহুরুল ইসলাম টালবাহানা শুরু করেন। কখনো তিনি জানান টাকা ব্যবসায় খাটানো আছে, আবার কখনো জমি কেনা হয়েছে বলে কালক্ষেপণ করেন। দীর্ঘদিন পর প্রবাস থেকে দেশে এসে নূরুনাহার আরনু জানতে পারেন যে, মাদ্রাসার জন্য আসলে কোনো জমিও কেনা হয়নি এবং পুরো টাকাটাই আত্মসাৎ করা হয়েছে। পরবর্তীতে কানাডায় ফিরে গত ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর মাওলানা জহুরুল ইসলাম ও শেখ আব্দুস শাফির বিরুদ্ধে ২০ লাখ টাকা আত্মসাতের প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা জহুরুল ইসলাম বলেন, “কয়েক দিন আগে উনি (নূরুনাহার আরনু) দেশে এসে মাদ্রাসায় আমার সাথে দেখা করেন। পরে আমি ও মাদ্রাসা কমিটির কয়েকজন তার বাসায় গিয়ে কথা বলেছিলাম। টাকাগুলো ওনার ভাই শেখ আব্দুস শাফির কাছে আছে।”
এদিকে এ বিষয়ে মারকাজ মাদ্রাসার সভাপতি শেখ আব্দুস শাফির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা বোন টাকা দিয়েছে—এর কি প্রমাণ আছে?” এরপর জেলা প্রশাসক বরাবর টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে প্রশ্ন করতেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
মন্তব্য করুন