ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁওয়ে ‘এসকে ফাউন্ডেশন’-এর পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগকে কেন্দ্র করে তৎপর হয়েছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট প্রতিনিধিকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা ও প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ৮ নম্বর ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ইসলামাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসকে ফাউন্ডেশনের নাম ব্যবহার করে অর্থ সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। বিশেষ করে নারীদের কাছ থেকে প্রত্যেকের ১ হাজার ২৫০ টাকা করে নেওয়ার অভিযোগ সামনে আসার পর বিষয়টি পরিষদের নজরে আসে। এরপর অর্থ সংগ্রহের অনুমোদন, উদ্দেশ্য ও আর্থিক স্বচ্ছতা নিয়ে অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম ফাউন্ডেশনটির ম্যানেজার শাহেনা আকতার লাকীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।
নোটিশে প্রতিষ্ঠানটির ইউনিয়ন শাখা পরিচালনার বৈধতা ও নিবন্ধনসংক্রান্ত নথি, জনপ্রতি ১ হাজার ২৫০ টাকা সংগ্রহের অনুমোদন এবং অর্থ আদায়ের নির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি এ পর্যন্ত কতজনের কাছ থেকে কী পরিমাণ অর্থ নেওয়া হয়েছে, সংগৃহীত অর্থ কোথায় ও কীভাবে ব্যয় করা হবে এবং অর্থ গ্রহণের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের রসিদ বা প্রমাণপত্র দেওয়া হয়েছে কি না, তার বিস্তারিত হিসাব চাওয়া হয়েছে।
নোটিশ অনুযায়ী, প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে উল্লিখিত বিষয়গুলোর সন্তোষজনক লিখিত জবাব এবং প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জমা দিতে হবে।
এ বিষয়ে ঊর্ধ্বতন প্রশাসনিক কর্তৃপক্ষকে অবহিত করা এবং প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করার বিষয়টিও নোটিশে উল্লেখ রয়েছে।
অন্যদিকে, প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে অর্থ সংগ্রহের ক্ষেত্রে বৈধ অনুমোদন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল। অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আনা এবং সাধারণ মানুষের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন তাঁরা।
মন্তব্য করুন