
দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি স্থানে বন্দুকযুদ্ধের রক্তক্ষয়ী ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। সম্প্রতি দেশটিতে অপরাধী চক্রের সহিংসতা ও গোলাগুলির ঘটনা আশঙ্কাজনকহারে বেড়ে গেছে।
পুলিশ জানিয়েছে, রাজধানী প্রিটোরিয়ার অদূরে জেফসভিলে এলাকার একটি ঝুপড়ি ঘরের ভেতর থেকে গুলিবিদ্ধ অবস্থায় নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রবিবারের রাতের কোনো এক সময়ে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
অন্যদিকে, পিটারমারিটজবার্গ শহরের বাইরে সুইটওয়াটার্স এলাকায় আরেকটি বড় হামলার ঘটনা ঘটে। সেখানে রাস্তার পাশে একটি গাড়ি থেকে গুলিবিদ্ধ অবস্থায় আরও আটজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। গাড়িটি সম্পূর্ণ গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল। তবে এই ঘটনায় এখন পর্যন্ত নিহত কিংবা সন্দেহভাজনদের কোনো পরিচয় শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দেশটিতে অপরাধী চক্রের সহিংসতা নতুন নয়। এর আগে গত বছরের সেপ্টেম্বরে ডারবান উপকূলীয় অঞ্চলের একটি দরিদ্র এলাকায় তিন বন্দুকধারী পার্টিতে অংশ নেওয়া মানুষের ওপর অতর্কিত হামলা চালায়, যেখানে এক গর্ভবতী নারীসহ ১১ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া জুনে জোহানেসবার্গের একটি এলাকায় বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারিয়েছিল আরও ১২ জন। এমনকি গত বছরের ডিসেম্বরেও মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দুটি বড় হামলায় ২১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল।
একাধিক বন্দুকধারীর অংশগ্রহণে ঘটা এসব হত্যাকাণ্ডের পেছনে বড় কোনো অপরাধী চক্র বা গ্যাংয়ের যোগসূত্র রয়েছে বলে সন্দেহ করছে দক্ষিণ আফ্রিকার পুলিশ। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন