
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ কলকলিয়া-চন্ডিডহর সড়কের জগদীশপুর সেতুটি বর্তমানে চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সুনামগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের সাথে সংযুক্ত এই সড়কের সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় প্রতিদিন মরণের ঝুঁকি নিয়ে চলাচল করছে লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত টমটমসহ হাজার হাজার সাধারণ মানুষ।
স্থানীয় এলাকাবাসী ও যাত্রীদের সূত্রে জানা গেছে, এই সড়ক ও সেতুটি কেবল জগন্নাথপুর উপজেলার মানুষের জন্যই নয়, বরং পার্শ্ববর্তী দিরাই উপজেলার জগদল ইউনিয়নের শেষপ্রান্ত এবং শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের শেষাংশের হাজার হাজার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম। প্রতিদিন এই সেতু পার হয়েই তিন উপজেলার বিপুল সংখ্যক মানুষ জেলা শহর সুনামগঞ্জ, বিভাগীয় শহর সিলেট এবং রাজধানী ঢাকায় যাতায়াত করেন।
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সেতুটির মাঝখানের অংশ মাটিতে ধেবে যাওয়ায় মধ্যের অংশে ফাটল ধরেছে এবং রেলিং ভেঙে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। যানবাহন উঠলেই সেতুটি কেঁপে ওঠে, ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা। বিশেষ করে রোগী, শিক্ষার্থী ও বয়স্কদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সিএনজি চালক এমরান হোসেন বলেন, কলকলিয়া-চন্ডিডহর সড়কের বেহাল অবস্থা অন্যদিকে এই সড়কের জগদীশপুর সেতু দিয়ে আমরা জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছি কখন কি হবে তা একমাত্র আল্লাহ ভালো জানেন। আমরা জীবন বাচানোর তাগিদে জীবনের ঝুকি নিয়ে এই সেতু দিয়ে চলাচল করছি।
এ বিষয়ে স্থানীয় জগদীশপুর গ্রামের সালিশি ব্যক্তি আজাদ মিয়া তালুকদার ও একাধিক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সেতুটি এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যে, গাড়ি উঠলেই মনে হয় এই বুঝি ভেঙে পড়ল। আমরা প্রতিদিন জীবন হাতে নিয়ে এই সেতু পারাপার হচ্ছি। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত এটি সংস্কার বা নতুন করে নির্মাণ করা জরুরি।”
এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন বলেন, “জগদীশপুর সেতুটির বর্তমান অবস্থা সম্পর্কে আমরা অবগত আছি। জনদুর্ভোগ লাঘবে সেতুটি দ্রুত নতুন করে নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
যেকোনো বড় দুর্ঘটনা এড়াতে এবং তিন উপজেলার মানুষের নির্বিঘ্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ এই জগদীশপুর সেতুটি জরুরি নির্মানের জন্য সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
মন্তব্য করুন