মোঃ জাহিদুল হক সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ পৌর এলাকায় নিয়মিত পরিচালিত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। প্রতিদিনের ধারাবাহিকতায় আজও কাটা ওয়াবদা থেকে রেলগেট পর্যন্ত এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। পৌরসভায় অবস্থিত ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের উদ্যোগে “পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান–২০২৫” শীর্ষক এ কার্যক্রম চলমান রয়েছে। প্রতিদিন ভোর ৬টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন সংগঠনের সদস্যরা। এ উদ্যোগের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন সংগঠনের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, চেম্বার অব কমার্সের পরিচালক এবং ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত হাজী মোঃ আব্দুস সাত্তার। তার নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে সড়ক, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার করা হচ্ছে নিয়মিতভাবে। শুধু পরিচ্ছন্নতাই নয়, এ কর্মসূচির মাধ্যমে স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধিতেও কাজ করা হচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সাধারণ মানুষকেও সম্পৃক্ত করার চেষ্টা চলছে। স্থানীয়দের মতে, হাজী মোঃ আব্দুস সাত্তারের এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ শহরের পরিবেশ উন্নয়নের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ধারাবাহিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন