ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠিতে প্রেমঘটিত পারিবারিক দ্বন্দ্বের জেরে কিশোর (১৭) নামের এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। প্রেমিকার পরিবারের সঙ্গে কথাকাটাকাটি ও অপমানজনক মন্তব্যের পর মানসিক চাপে এই চরম সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে পরিবার।
ঝালকাঠি সদর উপজেলার পূর্ব চাদঁকাঠি ভিআইপি কলোনির পেছনে পাপন ভিলা এলাকায় শনিবার (২৫ এপ্রিল) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কিশোর ওই এলাকার কৃষ্ণ দাসের ছেলে এবং ঝালকাঠি সদর হাসপাতালের সামনে অবস্থিত বিপুল ফার্মেসিতে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, ঝালকাঠি সদর হাসপাতালের পেছনের কুমার বাড়ি এলাকার তুলনা নামের এক তরুণীর সঙ্গে কিশোরের প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হলে সম্প্রতি মেয়ের বড় বোনের সঙ্গে কিশোরের তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই নারী তাকে জুতা দিয়ে মারার হুমকি দিলে অপমানবোধ থেকে কিশোরের মধ্যে ক্ষোভ ও মানসিক চাপ তৈরি হয়।
এরই ধারাবাহিকতায় ঘটনার দিন কিশোর তার মায়ের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কথা কাটাকাটি করে। সে মাকে দ্রুত বিয়ে দেওয়ার জন্য চাপ দেয় এবং রাজি না হলে পরিণতি ভালো হবে না বলে হুমকিও দেয়। পরে মা বাজারে গেলে, দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে নিজ বাসার চৌকাঠে রশি ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমিন সুলতানা জানান, বিকেল প্রায় ৩টা ৫ মিনিটে কিশোরকে হাসপাতালে আনা হয়। তখন তার শরীরে কোনো পালস পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ চিকিৎসার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
এদিকে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন