নড়াইলের আলোচিত বড়কুলা ট্রিপল মার্ডার মামলার আসামিরা জামিনে মুক্ত হওয়ার পর ভুক্তভোগী পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় অন্তত ২ জন আহত হয়েছেন। গুরুতর আহত পারভিন বেগম ও সারুফা বেগমকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পারভিন বেগম অভিযোগ করে বলেন, সকালে খায়ের চেয়ারম্যানের স্ত্রী, তার বোন শেফালী মেম্বার, বাবুল, বেগমসহ আরও কয়েকজন আমাদের মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। একপর্যায়ে কথাকাটির সৃষ্টি হলে তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শেফালী মেম্বার বলেন, আমি এ ঘটনা সম্পর্কে কিছুই জানি না। আজ আমাদের আদালতে হাজিরা রয়েছে। আমরা কোর্টে হাজিরা দিতে এসেছি।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ভোরে সেহরির পর বড়কুলা এলাকায় খায়ের চেয়ারম্যানের সমর্থকদের সঙ্গে খলিল শেখের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হামলায় খলিল শেখ ও তার ছেলে তাহাজ্জদ শেখ, ফেরদৌস শেখ ঘটনাস্থলেই নিহত হন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন