
ঝালকাঠি শহরের গুরুত্বপূর্ণ ৯টি খালের সীমানা নির্ধারণে পিলার স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ২১ মে আনুষ্ঠানিকভাবে কলেজ মোড়র উত্তর পাশের খাল সীমানা নির্ধারণ করে কাজের উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক কাওছার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সেগুফতা মেহনাজ, আরডিসি প্রতীক কুন্ডু এবং সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান।
পিলার স্থাপন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন বলেন, ঝালকাঠি শহরের খালগুলো একসময় প্রাকৃতিক পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ছিল। দখল ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে অনেক খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। শহরকে জলাবদ্ধতামুক্ত ও পরিবেশবান্ধব রাখতে ৯টি গুরুত্বপূর্ণ খালের সীমানা নির্ধারণ করে পিলার স্থাপন করা হচ্ছে। পরবর্তীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালগুলো খনন ও সংস্কারের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখা হবে। এতে নগরবাসীর ভোগান্তি কমবে এবং শহরের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, খালের সীমানা নির্ধারণের মাধ্যমে দখল রোধ ও দীর্ঘমেয়াদে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করা হবে।
তিনি আরো বলেন জেলা প্রশাসন উপজেলা প্রশাসন পৌর প্রশাসক ভূমি অফিস একত্রে এসব কাজের তদারকি করবে।
এ সময় দেখা যায় তারা ম্যাপ নিয়ে সীমানা নির্ধারণ করে পিলার স্থাপন করেছেন এবং পিলারের গায়ে নম্বর লিখে দিচ্ছেন।
মন্তব্য করুন