নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে সম্মেলনস্থলে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় সম্মেলনের মূল ভেন্যুতে উপস্থিত হন তিনি।
বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি এবং পরিবেশগত সংকট নিরসনে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এসব বৈঠকে আন্তর্জাতিক সহযোগিতা, জলবায়ু সংকট এবং বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে।
আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) কপ-৩১ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের বক্তব্য তুলে ধরবেন প্রধানমন্ত্রী। সেখানে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি।
এ ছাড়া জলবায়ু সহনশীল ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয়েও বাংলাদেশের প্রত্যাশা বিশ্বনেতাদের সামনে তুলে ধরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে ২১ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে। প্রতিনিধি দলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে দেশের দাবি ও প্রত্যাশা তুলে ধরার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
মন্তব্য করুন