নাগরিক সেবা আরও গতিশীল করতে দেশের প্রশাসনিক কাঠামোতে এসেছে বড় ধরনের পরিবর্তন। প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সাম্প্রতিক বৈঠকে নতুন করে দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
যেসব এলাকায় হচ্ছে নতুন থানা: প্রশাসনিক কাজের সুবিধার্থে দেশের গুরুত্বপূর্ণ দুই অঞ্চলে নতুন দুটি থানার অনুমোদন মিলেছে। এর মধ্যে কক্সবাজারের চকরিয়া থানাকে ভেঙে কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় গড়ে তোলা হচ্ছে ‘মাতামুহুরী থানা’। এছাড়া বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নতুন সৃষ্ট মোকামতলা উপজেলায় অনুমোদন দেওয়া হয়েছে ‘মোকামতলা থানা’ প্রতিষ্ঠার।
যেসব অঞ্চলে আত্মপ্রকাশ করছে নতুন পৌরসভা: স্থানীয় পর্যায়ে নাগরিক সুযোগ-সুবিধা আরও বাড়াতে নতুন দুটি পৌরসভার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলা সদরে গঠিত হচ্ছে ‘মোকামতলা পৌরসভা’ এবং সিলেট জেলার পর্যটনসমৃদ্ধ অঞ্চল জৈন্তাপুর উপজেলায় গঠিত হচ্ছে ‘জৈন্তাপুর পৌরসভা’।
নাম পরিবর্তন ও সদর দপ্তরে রদবদল: এদিকে প্রশাসনিক সামঞ্জস্য বজায় রাখতে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘দক্ষিণ গফরগাঁও থানা’।
পাশাপাশি কাজের সুবিধার জন্য কয়েকটি নতুন উপজেলার প্রশাসনিক সদর দপ্তরেও পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে লক্ষ্মীপুরের নবগঠিত ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা এবং কুমিল্লার ‘বাঙ্গরা’ উপজেলার সদর দপ্তর পূর্বের নির্ধারিত স্থান থেকে পরিবর্তন করে নতুন উপযুক্ত স্থানে স্থানান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রস্তাবের ভিত্তিতে নিকারের এই বৈঠকে প্রশাসনিক সেবাকে আরও জনবান্ধব ও বেগবান করার লক্ষ্যে এসব যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মন্তব্য করুন