মুফতী জাহিদ নুমানী, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানে নরসিংদীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময় বাড়ানো হয়েছে। আগামী ২২ জুন প্রতিবেদন জমার জন্য নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
বুধবার (২২ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। প্যানেলের অন্য সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি এ মামলার অগ্রগতি তুলে ধরে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময়ের আবেদন করেন। শুনানি শেষে নতুন দিন ধার্য করেন আদালত।
এদিন এ মামলায় গ্রেপ্তার তিনজনকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন- সাবেক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী ও রবিউল ইসলাম।
এর মধ্যে সাইফুল ইসলামের জামিন আবেদন নিয়ে শুনানি করতে চান তার আইনজীবী। তবে চিফ প্রসিকিউটরের উপস্থিতিতে এ শুনানি করার আর্জি জানান প্রসিকিউটর তামিম। পরে এ বিষয়ে উভয়পক্ষকে শোনার জন্য আগামী ২৯ এপ্রিল দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউশন সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর পুলিশকে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। গুলির নির্দেশ দেওয়ার সঙ্গে জড়িত এমন আরও কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চিহ্নিত করা হয়। এর মধ্যে ২০২৫ সালের ১৪ এপ্রিল নরসিংদীতে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখান ট্রাইব্যুনাল-১।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ নরসিংদীতে পুলিশের গুলিতে শহীদ হন দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়া। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্র-জনতা। পরে তার মরদেহ নিয়ে মিছিল করতে গেলে আবারও গুলি করা হয়। ওই সময় আরও একজন নিহত হন। এছাড়া গণঅভ্যুত্থান চলাকালীন নরসিংদীতে ২০ জনের মতো শহীদ ও বহু মানুষ আহত হন।
মন্তব্য করুন