কাউনিয়া রংপুর প্রতিনিধি: “হাতে হাত ধরি, সুন্দর সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশবান্ধব কার্যক্রমের অংশ হিসেবে “মানব কল্যাণ যুব সামাজিক উন্নয়ন সংগঠন” এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
এসময় শিক্ষাপ্রতিষ্ঠান সহ কাউনিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ বিভিন্ন স্থানে নানা প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির বার্তা পৌঁছে দিয়েছেন সংগঠনের কর্মীরা।
বুধবার (২২ মার্চ) সকাল থেকে বিভিন্ন স্থানে প্রায় ১০০ টি গাছের চারা রোপণ করার এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বৃক্ষ রোপণ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দরা সক্রিয়ভাবে অংশ নেন।
মানব কল্যাণ যুব সামাজিক উন্নয়ন সংগঠন এর প্রধান উপদেষ্টা মো: আতাউর রহমান জানান, পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব তুলে ধরে বলেন, “সবুজ পৃথিবী গড়তে হলে কেবল গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে।” তাই বৃক্ষ রোপন কর্মসূচিকে সফল করার জন্য সরকারের পাশাপাশি আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
এসময় মানব কল্যাণ যুব সামাজিক উন্নয়ন সংগঠন এর সভাপতি ইমরান হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় মানব কল্যাণ যুব সামাজিক উন্নয়ন সংগঠন -এর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। আমরা প্রকৃতির সাথে যে ব্যবহার করব, কাল বিলম্বে সে লক্ষণ আমাদের ওপর ফিরিয়ে দেবেই। জলবায়ু বিরূপ প্রভাব মোকাবেলায় এবং বৈশ্বিক তাপমাত্রা সহনীয় রাখতে প্রকৃতিকে সবুজে ফিরিয়ে দেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় নেই। তাই প্রকৃতিকে সবুজে ফিরিয়ে দেওয়ার স্বপ্নকে বাস্তবায়নের উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, প্রথমে নিজেকে বৃক্ষ রোপনের গুরুত্ব সম্পর্কে জানতে হবে, তাহলেই তো বৃক্ষরোপন বিষয়ক সচেতনতার বার্তা সকলের মাঝে পৌছে দিতে পারবো। আসুন আমরা সকলে মিলে বৃক্ষ রোপন করি এবং বৃক্ষ রোপনের গুরুত্ব সকলের মাঝে তুলে ধরি।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, মাসব্যাপী এই অভিযানের আওতায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অন্তত ১০০০ চারা রোপণ করা হবে।
মন্তব্য করুন