আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শাখা দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসদাচরণ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ৬ জন নেতাকে বহিষ্কার করেছে। মঙ্গলবার (২০ এপ্রিল ২০২৬) তারিখে দলীয় প্যাডে শ্রীপুর উপজেলা বিএনপি আহ্বায়ক জনাব আঃ মোতালেব এবং শ্রীপুর উপজেলা বিএনপি সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি সবসময় তার দলীয় আদর্শ, সংহতি ও শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। সম্প্রতি প্রাপ্ত সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে দেখা যায়, গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে বাশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়-এর বিদায় অনুষ্ঠানে কয়েকজন নেতা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়।
এ প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন—
১. মোঃ সারোয়ার আউয়াল (সাবেক সাধারণ সম্পাদক, ১নং ওয়ার্ড বিএনপি)
২. আঃ মান্নান মাস্টার (সাবেক সাংগঠনিক সম্পাদক, ১নং ওয়ার্ড বিএনপি)
৩. মোঃ হাসমত আলী হাসু (সাবেক যুগ্ম সম্পাদক, ১নং ওয়ার্ড বিএনপি)
৪. মোঃ আরমান আলী (সদস্য, ১নং ওয়ার্ড বিএনপি)
৫. মোঃ মাহাবুব আলম (সদস্য, ১নং ওয়ার্ড বিএনপি)
৬. মোঃ রফিকুল ইসলাম (কর্মী, ১নং ওয়ার্ড বিএনপি)
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের আদর্শ, লক্ষ্য ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাদের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত গাজীপুর ইউনিয়নের সকল পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের অবগত করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে কার্যকর বলে ঘোষণা দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির নেতারা জানান, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রাখতে এ ধরনের কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও কেউ যদি দলীয় আদর্শের বাইরে গিয়ে কাজ করেন, তাদের বিরুদ্ধেও একই ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় নেতারা আরও উল্লেখ করেন, বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে। তাই দলের ভেতরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম বরদাস্ত করা হবে না। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, সকলকে দলীয় নীতিমালা মেনে চলতে হবে এবং জনগণের আস্থা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের পদক্ষেপ ইতিবাচক প্রভাব ফেলবে। তবে বহিষ্কৃত নেতাদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন