কামরুল আহসান সোহাগ, পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে বিথী আক্তার (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচাতো চাচার বিরুদ্ধে। গুরুতর আহত ওই ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে তুষখালী ইউনিয়নের শাঁখারিকাঠি গ্রামে এই ঘটনা ঘটে। বিথী আক্তার ওই গ্রামের মো. বাদল হাওলাদারের মেয়ে এবং তুষখালী তোফেল আকন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বিথী আক্তারের বাবা বাদল হাওলাদারের সঙ্গে তুচ্ছ পারিবারিক বিষয় নিয়ে চাচাতো চাচা নজরুল ইসলাম (৩৩) ও মো. রাহাতের (১৮) সঙ্গে হাতাহাতি হয়। বিথী এ বিষয়ে অভিযুক্তদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে নজরুল ইসলাম হাতুড়ি দিয়ে বিথীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার ডান হাত ভেঙে যায়।
আহত বিথীকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি ও হাড়ের জখম গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ বিষয়ে মঠবাড়িয়া থানা পরিদর্শক (তদন্ত) শেখ হেলাল উদ্দিন বলেন, বিষয়টি আমরা মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন