মালদ্বীপের রাজধানী মালে থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে অবস্থিত মামিগিলি আইল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় মামিগিলি সোসাল সেন্টারে অনুষ্ঠিত এ সভায় প্রায় ১০০ জন প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। সভাকালে মান্যবর হাইকমিশনার প্রবাসীদের মালদ্বীপে কাজ ও বসবাস সংক্রান্ত বিভিন্ন অভিজ্ঞতা মনোযোগসহকারে শোনেন এবং তাদের মতামত গ্রহণ করেন।
মতবিনিময় সভায় মান্যবর হাইকমিশনার প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে দেশে রেমিট্যান্স প্রেরণ, ই-পাসপোর্ট, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য কার্ড গ্রহণ, স্থানীয় আইন-কানুন, স্বাস্থ্য ও নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা ও প্রয়োজনীয় তথ্য প্রদান করেন। তিনি সকলকে কোনো ধরনের অবৈধ ব্যবসা, মাদক সেবন কিংবা বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
মান্যবর হাইকমিশনার প্রবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং কর্মস্থলসংক্রান্ত যে কোনো বিরোধের ক্ষেত্রে লেবার রিলেশন অথরিটি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। সভা শেষে প্রবাসী কর্মীদের মধ্যে বিএমইটি কার্ডের সুবিধা নিয়ে তৈরি করা লিফলেট বিতরণ করা হয় এবং মান্যবর হাইকমিশনার উক্ত আইল্যান্ডে বসবাসরত প্রবাসীদের খেলাধুলার জন্য ক্রীড়া সামগ্রী প্রদান করেন।
মতবিনিময় সভায় প্রবাসী বাংলাদেশিরা জানান যে মামিগিলি থেকে রাজধানী মালেতে যাতায়াত অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। রাজধানীতে এসে থাকা ও খাওয়ার ব্যবস্থা করাও অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। ফলে স্বল্প বেতনে কর্মরত অনেক প্রবাসীর পক্ষেই রাজধানীতে এসে পাসপোর্টসহ বিভিন্ন সেবা গ্রহণ করা কষ্টসাধ্য। এ প্রেক্ষাপটে তারা বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে নিয়মিত বিরতিতে এ ধরনের কনস্যুলার ট্যুর পরিচালনার আহ্বান জানান, যা তাদের জন্য উল্লেখযোগ্যভাবে সহায়ক হবে বলে তারা মত প্রকাশ করেন।
মন্তব্য করুন