বাংলাদেশের সংঘটিত সব অপরাধের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে জাতিসংঘ। একই সঙ্গে দেশের সব রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তিত্বের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের স্বাধীনতা থাকা উচিত বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত মধ্যাহ্ন ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এসব কথা বলেন।
ব্রিফিংয়ে এক বাংলাদেশি সাংবাদিক শেখ হাসিনা সরকারের আমলে সংঘটিত হত্যাকাণ্ড এবং তার সমর্থকদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে জাতিসংঘের অবস্থান জানতে চান। প্রশ্নে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক গণমাধ্যম ও জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশনের প্রতিবেদনে তৎকালীন সরকারের আমলে বহু মানুষের প্রাণহানির তথ্য উঠে এসেছে। পাশাপাশি শেখ হাসিনার সমর্থকেরা আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করা হয়।
জবাবে ফারহান হক বলেন, এ বিষয়ে নতুন করে মন্তব্য করার কিছু নেই। তবে বাংলাদেশে সংঘটিত সব অপরাধের যথাযথ জবাবদিহিতা নিশ্চিত করা জাতিসংঘের প্রত্যাশা। এর মধ্যে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশনের মাধ্যমে চিহ্নিত ও নথিভুক্ত অপরাধগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে জাতিসংঘের অবস্থান স্পষ্ট। সব রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিত্বের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের পূর্ণ স্বাধীনতা থাকা উচিত।
জাতিসংঘের এই বক্তব্যে বাংলাদেশের অতীত মানবাধিকার লঙ্ঘনের বিচার ও রাজনৈতিক অংশগ্রহণের অধিকার—দুটি বিষয়ই গুরুত্ব পেয়েছে।
উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের তথ্য অনুসন্ধানী মিশনের প্রতিবেদনে ২০২৪ সালের জুলাই ও আগস্টে ছাত্র-জনতার আন্দোলন এবং তা দমনে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে ওই সময়ে প্রায় ১ হাজার ৪০০ মানুষের নিহত হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছিল। নিহতদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়।
মন্তব্য করুন