ডেস্ক রিপোর্ট : ইরানের সঙ্গে পূর্বঘোষিত শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। এর আগে পাকিস্তানে পৌঁছায় ইরানের প্রতিনিধি দলও।
পাকিস্তান সরকারের উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, ইরানের সঙ্গে দীর্ঘদিনের বৈরিতা নিরসন ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে এ আলোচনার আয়োজন করা হয়েছে।
ইসলামাবাদে ইরানের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠেয় উচ্চপর্যায়ের এই বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন জেডি ভ্যান্স, উইটকফ ও কুশনার।
স্টিভ উইটকফ বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রশাসনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এর আগে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এর আগে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইরানি প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি এবং কয়েকজন আইনপ্রণেতা। ইরানি প্রতিনিধিদল দেশটিতে অবতরণ করলে তাদের উষ্ণ সংবর্ধনা জানানো হয়।
মন্তব্য করুন