আবু জাহের মালদ্বীপ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মালদ্বীপ শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) মালদ্বীপের রাজধানী মালের চান্দুরী ফ্লেম রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা মো. ফারুক হোসেন, সিনিয়র সহসভাপতি নেহের মিয়া রানা, সহসভাপতি মো. ফারুক হোসেন, মো. মুক্তার হোসেন, মো. সহ আলম (১), মো. সহ আলম (২) ও মো. রহিম মিয়া, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন আজাদ, ক্রীড়া সম্পাদক আল মামুন, যুবদল নেতা আরিফ হোসেন, আবু আহাম্মেদ সেলিম ও সাইফুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন ধরনের অস্থিরতা, ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে যেকোনো ধরনের সহিংসতা, নৈরাজ্য ও উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা যেন সংঘাত বা সহিংসতায় রূপ না নেয়, সে বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে দেশের শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা আরো বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও প্রতিকূলতা পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন প্রত্যাশা নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। দেশের গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রবাসীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাঁরা আশা প্রকাশ করেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং জাতীয় ঐক্য ও রাজনৈতিক সহনশীলতা বজায় রাখবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে কেক কেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উদ্যাপন করেন নেতাকর্মীরা।
মন্তব্য করুন