কামরুল আহসান সোহাগ, পিরোজপুর
আগুন-সন্ত্রাস ও সহিংসতা চালিয়ে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা যাবে না বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ভাণ্ডারিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভাণ্ডারিয়া একটি শান্তিপূর্ণ জনপদ। এ জনপদের শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। সহিংসতা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা যাবে না। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সবাইকে সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্টরা আবারও আগুন-সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড শুরু করেছে। বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করেছে।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি অতীতেও আইন নিজের হাতে তুলে নেয়নি, এখনও নেবে না। কোনো অপরাধ সংঘটিত হলে আইন ও প্রশাসনের মাধ্যমে তার বিচার নিশ্চিত করতে হবে। প্রতিশোধ কিংবা পাল্টা সহিংসতার পথে না গিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।
ভাণ্ডারিয়ার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, সীমাহীন দুর্নীতির কারণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে রয়েছে। এসব কাজ দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হবে। খুব শিগগিরই বন্ধ থাকা উন্নয়নকাজ পুনরায় চালু করা হবে বলে তিনি আশ্বাস দেন। কাজগুলো যথাসময়ে সম্পন্ন করা সম্ভব হলে এতদিনে ভাণ্ডারিয়ার চেহারা পাল্টে যেত। উন্নয়নকাজের বাধা দূর করে এলাকার অবকাঠামোগত উন্নয়ন এগিয়ে নেওয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।