আব্দুল হাকিম, কুড়িগ্রাম : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ডাকনীরপাড় বাজারে গরু জবাইকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিরসনে ও স্থায়ী সমাধানের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। উদ্ভূত এ সমস্যা সমাধানে আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) উভয় পক্ষের সমন্বয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ বৃহস্পতিবার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদরুজ্জামান রিশাদ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। বৈঠকে উভয় পক্ষের মতামত ও অনুভূতির প্রতি সম্মান জানিয়ে পারস্পরিক সহনশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অন্যদিকে, মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরাও এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বিকেলে পৃথক পৃথকভাবে বৈঠকে বসেন। এসব আলোচনায় প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে একমত পোষণ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শুক্রবারের বৈঠকের মাধ্যমে সকল ধর্মের মানুষের অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে একটি গ্রহণযোগ্য ও স্থায়ী সমাধানে পৌঁছানোর চেষ্টা করা হবে। এলাকায় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এলাকার সাধারণ মানুষ আশা করছেন, প্রশাসনের এই গঠনমূলক ভূমিকার ফলে ডাকনীরপাড় বাজারে দ্রুতই সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।
মন্তব্য করুন