নবায়নযোগ্য শক্তির নতুন সম্ভাবনা তুলে ধরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’। দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলা এবং পরিবেশবান্ধব সবুজ জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আজ প্রদর্শনী ঘুরে দেখা যায়, দেশি-বিদেশি শীর্ষস্থানীয় নবায়নযোগ্য জ্বালানি ও সোলার প্রযুক্তি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। বিভিন্ন স্টলে প্রদর্শিত হচ্ছে অত্যাধুনিক সোলার প্যানেল, ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ সিস্টেম। পাশাপাশি আবাসিক ও শিল্পকারখানার উপযোগী গ্রিড-টাইড এবং অফ-গ্রিড সমাধানও রয়েছে দর্শনার্থীদের জন্য। প্রযুক্তি সম্পর্কে জানতে ও সরাসরি পণ্য দেখতে স্টলগুলোতে ছিল দর্শনার্থীদের উপস্থিতি।
মেলায় আগত বিশেষজ্ঞরা বলেন, বাসাবাড়ি ও শিল্পকারখানায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে পারলে জাতীয় গ্রিডের ওপর চাপ উল্লেখযোগ্যভাবে কমবে। এতে লোডশেডিংয়ের ঝুঁকি হ্রাস পাওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে জ্বালানি আমদানির ওপর নির্ভরতাও কমতে পারে। তাঁদের মতে, কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ সুরক্ষায়ও সৌরশক্তি কার্যকর ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, মেলায় শুধু প্রযুক্তির প্রদর্শনীই নয়, সোলার সিস্টেম স্থাপনের পদ্ধতি, সম্ভাব্য খরচ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন অর্থায়নের সুযোগ সম্পর্কেও তথ্য ও পরামর্শ দেওয়া হচ্ছে। ফলে সাধারণ ভোক্তা থেকে শুরু করে শিল্প উদ্যোক্তা, সবাই নিজেদের প্রয়োজন অনুযায়ী সঠিক সমাধান বেছে নিতে পারছেন।
আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন দেশের সোলার খাতের উদ্যোক্তা, বিনিয়োগকারী ও প্রযুক্তি সরবরাহকারীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরি করবে। এতে খাতটির বিকাশ ত্বরান্বিত হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আগ্রহী যে কেউ মেলায় গিয়ে সৌর প্রযুক্তি সম্পর্কে সরাসরি জানতে পারবেন।
মন্তব্য করুন