
দেশে ব্যবসা শুরু ও পরিচালনার ক্ষেত্রে সরকারি সেবা প্রাপ্তির দীর্ঘসূত্রতা কমাতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) পেতে উদ্যোক্তাদের ৫০ থেকে ৫৫ দিন বা তারও বেশি সময় অপেক্ষা করতে হয়। এই সময়সীমা কমিয়ে মাত্র ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বাধীন আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এই পরিকল্পনার কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
ডিজিটাল ওয়ান-স্টপ সার্ভিস ও বিশ্বব্যাংকের সহায়তা:
বাণিজ্যমন্ত্রী জানান, ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল ও সহজ করতে সেবা প্রদানের পুরো প্রক্রিয়াটি ডিজিটাল করা হচ্ছে। মূলত ‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’ এবং ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর ওয়ান-স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে মাত্র ১৪ দিনের মধ্যে ব্যবসায়ীদের সব ধরনের অনুমোদন দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে বিশ্বব্যাংকের নীতিগত ও কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। সরকারের আশা, এ উদ্যোগ সফল হলে ব্যবসায়ীদের সময় ও খরচ সাশ্রয় হবে এবং দেশে বিনিয়োগের পরিবেশ আরও উন্নত হবে।
তৈরি পোশাকের বাইরে রপ্তানি বহুমুখীকরণ:
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী তিন বছরের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের রপ্তানি আয় দীর্ঘদিন ধরে তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল। এই একক নির্ভরতা কাটিয়ে উঠতে চামড়া, জুতা, জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ, লাইট ইঞ্জিনিয়ারিং এবং স্বর্ণালঙ্কার শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সাভার চামড়াশিল্প নগরীতে পরিবেশগত মান নিশ্চিত করতে নতুন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপন এবং আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা বাড়াতে ‘লেদার ওয়ার্কিং গ্রুপ’ (এলডব্লিউজি) সনদ অর্জনের চেষ্টা চলছে। পাশাপাশি দেশের স্বর্ণশিল্পকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় এনে আগামী কয়েক বছরের মধ্যে স্বর্ণালঙ্কার রপ্তানির উপযোগী শিল্প হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।
মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও আঞ্চলিক জোটে সংযুক্তি:
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা জোরদার করা হয়েছে। এর মধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) এবং সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে চলছে। এছাড়া আঞ্চলিক বাণিজ্য জোট ‘রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে’ (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে নীতিগত অনুমোদন পাওয়া গেছে।
বিশ্বব্যাংকের আশ্বাস ও পরামর্শ:
বৈঠকে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে বাণিজ্য সহজীকরণ, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন, চামড়া ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের দক্ষতা উন্নয়ন এবং এফটিএ-সংক্রান্ত গবেষণায় সার্বিক সহায়তার আশ্বাস দেন। তিনি জানান, বাংলাদেশের বেসরকারি খাত ও উৎপাদনশীল শিল্পের সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংক গ্রুপ এবং আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা (আইএফসি) যৌথভাবে কাজ করতে আগ্রহী।
বিশ্বব্যাংকের প্রসপারিটি বিভাগের আঞ্চলিক প্র্যাকটিস ডিরেক্টর সেবাস্টিয়ান একার্ড বলেন, এলডিসি উত্তরণের আগে আগামী তিন-চার বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে বাণিজ্যনীতি সংস্কার ও
মন্তব্য করুন