২০২৭ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে ভর্তি হতে হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। এ লক্ষ্যে নতুন ভর্তি নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ জারি করা হয়। নতুন নীতিমালায় ভর্তি পরীক্ষার পদ্ধতি, নম্বর বণ্টন, বয়সসীমা, আবেদন ফি এবং আসন সংরক্ষণের বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারি
নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য বাধ্যতামূলকভাবে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দক্রমে রাখতে পারবে।
লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি অপেক্ষমাণ তালিকাও তৈরি করা হবে। নির্ধারিত সময়ে নির্বাচিত কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা
দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী বাছাই করা হবে। পরীক্ষায় নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি অপেক্ষমাণ তালিকা প্রস্তুত করতে হবে।
ভর্তি পরীক্ষার নম্বর ও সময় নির্ধারণ করা হয়েছে শ্রেণিভেদে।
দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার পূর্ণমান হবে ৫০। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা।
ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার পূর্ণমান হবে ১০০। বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টা।
প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা
২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স সর্বনিম্ন পাঁচ বছর এবং সর্বোচ্চ সাত বছর হতে হবে। বয়স প্রমাণের জন্য অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছরের ছাড় দেওয়া যাবে।
আবেদন ফি কত?
নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে অনলাইন আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নেওয়া যাবে।
প্রতি শ্রেণির প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে। ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক ভর্তি কমিটি গঠন করা হবে।
ঢাকা মহানগরে ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য কোটা
ঢাকা মহানগরীর সরকারি বিদ্যালয়গুলোতে ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষণ করা হবে। অবশিষ্ট ৬০ শতাংশ আসনে অন্যান্য এলাকার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
এ ছাড়া ষষ্ঠ শ্রেণিতে মোট আসনের ১০ শতাংশ স্বতন্ত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।
নতুন ভর্তি নীতিমালায় আবেদন, ফি গ্রহণ, ফলাফল প্রক্রিয়াকরণ এবং ফলাফল প্রকাশের কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন