কামরুল আহসান সোহাগ, পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ার সোনাখালীতে নির্মাণাধীন উত্তর সোনাখালী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থানান্তর না করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টায় মঠবাড়িয়া-সোনাখালী-পাথরঘাটা সড়কে আমড়াগাছিয়া ইউনিয়নের বাসিন্দাদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শত শত নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন ডলার ও ইয়াসিন তালুকদার নির্মাণাধীন প্রতিষ্ঠানের কাজ বন্ধে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে চালু করা জরুরি। তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন এবং প্রকল্পের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রধান উপদেষ্টা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব তাহসিন জামান রুমেল, সমাজসেবক তোতা মিয়া, ব্যবসায়ী ইয়াকুব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন