হেলাল আহমেদ, গোপালগঞ্জ : গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে গোপালগঞ্জ সাংবাদিক ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে দৈনিক বর্তমান গোপালগঞ্জ-এর সম্পাদক ও বৈশাখী টিভির জেলা প্রতিনিধি শেখ মোস্তফা জামান সভাপতি এবং দৈনিক সকালের সময়-এর স্টাফ রিপোর্টার এম টি রহমান মাহামুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার রাতে জেলা শহরের দৈনিক বর্তমান গোপালগঞ্জ কার্যালয়ে আয়োজিত এই মিলনমেলায় প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে প্রবীণ সাংবাদিক ও শিক্ষাবিদ অধ্যাপক গোলাম মোস্তফা জিএম-কে। নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিটি মোট ২৫ সদস্য বিশিষ্ট।
কমিটি গঠন পরবর্তী আলোচনা সভায় বক্তারা সাংবাদিকতার বর্তমান চ্যালেঞ্জ ও পারস্পরিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, “সাংবাদিকরা সমাজের আয়না হিসেবে পরিচিত হলেও আজ তারা নানাভাবে অবহেলিত। অথচ আমরা অনেক সময় সহযোদ্ধা সাংবাদিককেই ছোট করতে কুণ্ঠাবোধ করি না, যা কাম্য নয়। ‘কাক কখনো কাকের মাংস খায় না’—এই নীতি বজায় রেখে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
বক্তারা আরও উল্লেখ করেন, বস্তুনিষ্ঠ লেখনী ও মেধা দিয়ে রাষ্ট্রকে উপকৃত করাই একজন প্রকৃত সাংবাদিকের কাজ। সমাজকে কলুষিত না করে পেশাদারিত্বের মানোন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার আদায়ে এই ক্লাব সবসময় পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।
আলোচনা সভা শেষে এক প্রীতি আড্ডা ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আনন্দঘন এই আয়োজনে জেলার বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।