আরেফিন সুলতানা কলি, ব্যুরো চিফ ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সাধারণ রোগীদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়া দালালচক্রের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে পরিচালিত এ অভিযানে দুই নারী দালালকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন—মধ্যপাড়া এলাকার তানিয়া (৩০) ও স্বর্ণা (৩৫)।
জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র হাসপাতালের অসহায় রোগী ও তাদের স্বজনদের নানা প্রলোভন দেখিয়ে কিংবা ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায় করে আসছিল। বিশেষ করে চিকিৎসা দ্রুত করিয়ে দেওয়ার কথা বলে, ডাক্তারের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার নাম করে এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তারা সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতো।
এ বিষয়ে একাধিক অভিযোগ পাওয়ার পর ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’ সংগঠনের সদস্যরা সরেজমিনে নজরদারি চালিয়ে অভিযানে নামেন। বুধবার সকালে হাতেনাতে দুই নারী দালালকে আটক করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাই করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় সক্রিয় ছিল এবং রোগীদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করতো। তাদের কারণে সাধারণ রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছিল।
অভিযান পরিচালনাকারীরা জানান, হাসপাতালকে দালালমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও যারা এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ রোগীরা দালালচক্রের বিরুদ্ধে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দালালদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
মন্তব্য করুন