গোবিন্দগঞ্জ প্রতিনিধি গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক নবদম্পতির সংসারে বিষপ্রয়োগ ও চুরির অভিযোগ উঠেছে নববধূসহ চারজনের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মুগলিশপুর গ্রামের মোঃ আলমগীর হোসেন তার ছোট ভাই মোঃ মিলন মিয়ার ওপর সংঘটিত ঘটনার বিচার চেয়ে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার রাতে মিলন মিয়া তার শ্বশুরবাড়িতে অবস্থানকালে তাকে জুসের সাথে বিষ মিশিয়ে পান করানো হয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
এ সুযোগে অভিযুক্তরা তার কাছে থাকা নগদ ৯ হাজার টাকা ও প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন নিয়ে নেয় বলে অভিযোগ করা হয়। পরবর্তীতে নববধূ অনন্যা বেগম ও তার সহযোগী সজিব মিয়া পালিয়ে যায় বলেও জানানো হয়।
অভিযোগে আরও বলা হয়, মিলন মিয়া অসুস্থ হয়ে পড়লেও বিষয়টি গোপন রাখা হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করানো হয়নি। পরে পরিবারের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন এবং অবস্থার অবনতি হলে ১২ এপ্রিল তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় অনন্যা বেগম, আনছার আলী, সজিব মিয়া ও কায়েম উদ্দিনসহ আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন