ঢাকা: ডিজিটাল প্ল্যাটফর্মে ১৬৩ মিলিয়নের অধিক ভিউপ্রাপ্ত জনপ্রিয় গান “পড়ালেখা ভালো লাগেনা”-এর কণ্ঠশিল্পী এবং ‘নতুন কুঁড়ি ২০২৫’ চ্যাম্পিয়ন সুরাইয়া আক্তার সাইফার বর্ণাঢ্য সঙ্গীতযাত্রার নতুন মাইলফলক-গোল্ডেন প্লে বাটন অর্জন উপলক্ষ্যে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দর্শক প্রিয় উপস্থাপক আহসান হাবীব খান ও মুজাহিদ জামানের পরিচালনায় ৩রা সেপ্টেম্বর ২০২৬ রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি ভবনের মুক্তিযোদ্ধা হলরুমে এই ‘গোল্ডেন প্লে বাটন সেলিব্রেশন ও কালচারাল নাইট’ অনুষ্ঠিত হয়।
সুরাইয়া আক্তার সাইফা ফ্যান পেজ ও মিডিয়া সেলের আয়োজনে এবং বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্বের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। ২০২০ সাল থেকে শুরু করে জাতীয় বিভিন্ন পুরস্কার অর্জনকারী এই উদীয়মান শিশুশিল্পীর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন দেশের বরেণ্য শিল্পী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী মনির খান, ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট-এর চেয়ারম্যান ও সংসদ সদস্য জনাব মাসুদ সাঈদী, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য জনাব শেখ মনজুরুল হক রাহাদ, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও গীতিকার-সুরকার তাফাজ্জল হোসাইন খান, সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর নির্বাহী পরিচালক জনাব জাকির হোসাইন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী ও কিডস ক্রিয়েশন টিভির সিইও শরিফ বায়েজিদ মাহমুদ, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি ও সাংস্কৃতিক সংগঠক মাহবুব মুকুল, বিশিষ্ট সাংবাদিক, গীতিকার ও সুরকার আমিরুল মোমেনীন মানিক, বনশ্রী বিল্ডার্সের চেয়ারম্যান ডিএম ইমদাদুল হক, এবং শিল্পী ও সংগঠক শরীফুল ইসলামসহ দেশের জনপ্রিয় শিল্পী, গীতিকার, সুরকার ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
আলোচনা সভা ও সংবর্ধনা: বিকেল ৫টায় অতিথি অভ্যর্থনার মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনে ছিল আকর্ষণীয় সময়সূচি। ৫টা ৩০ মিনিটে আলোচনা সভা এবং ৬টায় গীতিকার ও সুরকারদের সংবর্ধনা প্রদান করা হয়। এরপর রাত ৭টায় আনুষ্ঠানিকভাবে সুরাইয়া আক্তার সাইফার হাতে তুলে দেওয়া হয় কাঙ্ক্ষিত ‘গোল্ডেন প্লে বাটন’।
অনুষ্ঠানের বক্তারা তাদের বক্তব্যে বলেন, মানবতার গান ও মানুষের কল্যাণে নিবেদিত শিল্পচর্চা একটি সুন্দর পৃথিবী গঠনে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। সুরাইয়া আক্তার সাইফা শ্রোতাদের মাঝে তেমনই মনমুগ্ধকর গান উপহার দিয়েছেন, যার ফলেই তিনি আজ এই অনন্য উচ্চতায় পৌঁছেছেন। বক্তারা সাইফার উত্তরোত্তর সমৃদ্ধি ও সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।
সাংস্কৃতিক সন্ধ্যা: রাত ৮টায় শুরু হয় বহুকাঙ্ক্ষিত সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুশিল্পীদের শ্রুতিমধুর গান দর্শকদের হৃদয়ে এক অসাধারণ অনুভূতির সৃষ্টি করে। পাশাপাশি শিক্ষণীয় ও হাস্যরসে পরিপূরকৌতুক অভিনয় উপস্থিত দর্শকদের মাঝে ভিন্নমাত্রার বিনোদন ও আনন্দ যোগ করে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সুরাইয়া আক্তার সাইফার এই অর্জন দেশের শিশুশিল্পীদের আরও বহুদূর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা হয়ে থাকবে।
মন্তব্য করুন