আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এই উচ্চাভিলাষী মাইলফলক অর্জনে বিচক্ষণ ঋণ ব্যবস্থাপনা, রাজস্ব খাতে শৃঙ্খলা এবং টেকসই অর্থায়ন নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সার্বভৌম ঋণ ব্যবস্থাপনা’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করেছে।
বক্তব্যে অর্থমন্ত্রী বর্তমান অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ হিসেবে ঋণ পরিশোধের ক্রমবর্ধমান দায়, দুর্বল রাজস্ব আহরণ এবং সীমিত আর্থিক সক্ষমতাকে চিহ্নিত করেন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হতে হবে, ঋণ নেওয়া প্রতিটি টাকা যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা ও জনকল্যাণে অর্থবহ অবদান রাখে। শুধু আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশ করাই আমাদের লক্ষ্য নয়, বরং দায়িত্বশীল ও টেকসই উপায়ে সেখান থেকে অর্থায়নের সুযোগ কাজে লাগাতে হবে।”
ঋণ গ্রহণের সাফল্যের মাপকাঠি ব্যাখ্যা করে আমির খসরু জানান, কত অঙ্কের ঋণ নেওয়া হলো তা বড় বিষয় নয়; বরং ওই অর্থ জনকল্যাণ ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধিতে কতটা কাজে লাগল, সেটিই আসল। প্রচলিত উৎসের পাশাপাশি সরকার সার্বভৌম সুকুক, গ্রিন ও ব্লু বন্ড এবং ব্লেন্ডেড ফাইন্যান্সের মতো উদ্ভাবনী অর্থায়ন পদ্ধতি ব্যবহারের কথাও ভাবছে।
উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি বলেন, ঋণ সক্ষমতা বিবেচনায় রেখে ডলারভিত্তিক ইউরোবন্ড ও সুকুকের মাধ্যমে অর্থ সংগ্রহের সুযোগ খতিয়ে দেখা উচিত। এছাড়া জেপি মরগ্যানের উদীয়মান বাজারের সরকারি বন্ড সূচকে বাংলাদেশের অন্তর্ভুক্তি আন্তর্জাতিক পরিচিতি বাড়াবে। তবে বিদেশি বিনিয়োগ টানতে স্বচ্ছ লেনদেন, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি ও অর্থ ফেরত নেওয়ার নির্ভরযোগ্য ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি ব্যাংক ও পুঁজিবাজারের সমন্বয় জোরদারের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার জানান, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি হিসেবে সরকারি অর্থায়ন আরও স্বচ্ছ ও পূর্বানুমানযোগ্য করতে বার্ষিক ঋণ পরিকল্পনা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। বৈশ্বিক সুদের হার ও বিনিময় হারের অস্থিরতা সামাল দিতে ঋণের তথ্য প্রকাশের ব্যবস্থা উন্নত করার পাশাপাশি ট্রেজারি বিল ও বন্ডের নিলাম প্রক্রিয়া শক্তিশালী করা হবে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এক পূর্বাভাস তুলে ধরে বলেন, টাকার অঙ্কে বৈদেশিক ঋণের বার্ষিক সুদ পরিশোধের পরিমাণ ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ২০২৮-২৯ অর্থবছরে দ্বিগুণেরও বেশি হতে পারে। তবে ২০২৪-২৫ অর্থবছরের শেষে সরকারি ঋণ জিডিপির ৩৯ শতাংশের নিচে ছিল এবং ২০২৮-২৯ অর্থবছর পর্যন্ত তা একই পর্যায়ে থাকবে বলে আশা করা হচ্ছে।
এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং বলেন, ২০২০-২১ অর্থবছরে ঋণ পরিশোধ ব্যয় জিডিপির ২.৩ শতাংশ থাকলেও ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে ৩ শতাংশে দাঁড়িয়েছে। এতে উন্নয়ন ব্যয়ে চাপ তৈরি হচ্ছে। আর্থিক ঝুঁকি কমাতে তিনি সরকারি গ্যারান্টিসহ সব ঋণের বিস্তারিত তথ্য প্রকাশ, অভ্যন্তরীণ বন্ডবাজারের গভীরতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) প্রকল্পগুলোতে নজরদারি বাড়ানোর পরামর্শ দেন।
সম্মেলনে আরও বক্তব্য দেন এডিবির পরামর্শক ও আইএমএফের সাবেক উপদেষ্টা প্রসাদ অনন্তকৃষ্ণন, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব হাসান খালেদ ফয়সাল এবং এডিবির লিড সোশ্যাল সেক্টর অফিসার এস এম ইবাদুর রহমান।
১৫ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলমান এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ ব্যাংক, এনবিআর, ইআরডিসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ঋণ ব্যবস্থাপনা দপ্তরের প্রতিনিধি এবং বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবির বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। সম্মেলনে মূলত এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং অর্থায়নের উৎস বহুমুখীকরণের কৌশল নিয়ে আলোচনা হচ্ছে।
মন্তব্য করুন