জাপানে চার দিনের সফল সরকারি সফর শেষে দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৮ মিনিট) টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।
এর আগে গত ২৬ অক্টোবর দ্বিপক্ষীয় উচ্চপর্যায়ের সফরে টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন, যেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় আলোচনা হয়।
টোকিওতে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাপানের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক আর্থিক সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), চেয়ারম্যান এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করেন। এসব আলোচনায় বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদারত্ব বৃদ্ধি এবং বাংলাদেশে আরও বেশি জাপানি বিনিয়োগ আকর্ষণ করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
এছাড়া সফর চলাকালে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের আয়োজিত এক সুধী সমাবেশে যোগ দিয়ে তাঁদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এই হাই-প্রোফাইল সফরে সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, ‘ইনভেস্ট বাংলাদেশ অথরিটি’র চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং একটি উচ্চপর্যায়ের গণমাধ্যম প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন